খুলনায় কেডিএ-কেসিসির যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাস টার্মিনালের পাশে ময়ূরী সড়কের অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন পরিবহনের কাউন্টার ভেঙে দেওয়া হয়। এ সময় অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। 

কেডিএ কর্তৃপক্ষ জানায়, সড়কের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বারবার তাদেরকে নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়েছে। মাইকিংও করা হয়েছে। কিন্তু তারা সরে না যাওয়ায় সেগুলো উচ্ছেদ করা হয়েছে। যার সংখ্যা ৩০টির মতো। আরো কিছু অবৈধ স্থাপনা আছে সে সব মালিকরা ওয়াদা করেছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিয়ে জায়গা খালি করে দেবে।

তবে দোকান ও পরিবহন কাউন্টার সংশ্লিষ্টরা জানান, অনেকেই এখানে ব্যক্তি মালিকাধীন জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে একটি সঠিক নীতিমালা দেওয়ার জন্য কেডিএকে জানালে সেটি তারা না শুনে হঠাৎ করেই তাদের সম্পদ গুড়িয়ে দিয়েছে। 

ব্যবসায়ীরা আরো জানায়, কেডিএ বলেছিলো দোকানগুলো থাকবে কিন্তু বাসের কাউন্টারগুলো অপসারণ করা হবে। সেজন্য তিন মাসের সময় চেয়ে নেওয়া হয়েছিল। কাউন্টার মালিকরাও সেইভাবে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় এসে বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে। এতে কম্পিউটার, এসি, চেয়ার টেবিলসহ সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। কোনো কিছু বের করারও সুযোগ দেয়নি। ফলে আমরা খুব অসহায় হয়ে পড়েছি।

কেডিএর পরিদর্শক (স্টেট) মিরাজ হোসেন বলেন, বার বার তাদের জায়গা খালি করার কথা বললেও তারা কর্ণপাত করেনি। এজন্য আমরা ভেঙে দিলাম।
তিনি বলেন, ময়ূরী সড়কটির প্রস্থ ৬০ ফুট। সেই ৬০ ফুট চওড়া করা হবে। এজন্য বাজেটও অনুমোদন হয়েছে কিন্তু জায়গা খালি না করার জন্য সড়ক উন্নয়নের কাজ করা যাচ্ছে না। তাই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে।