ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের ঘটনায় ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক অবরোধের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের শেখবাজার মোড় সংলগ্ন আলামিনের দোকানের সামনে হাবিব (৬) রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। সে উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর ভাটিপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে। পরবর্তীতে উত্তেজিত এলাকাবাসী দুপুর আড়াইটার দিকে রাস্তা অবরোধ করে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে স্পিড ব্রেকারের আশ্বাস দিলে বিকাল সাড়ে ৩টার দিকে এলাকাবাসী তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।