জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।

আজ বৃহস্পতিবার ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন এ রিট দায়ের করেন।

রিট আবেদনে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে, এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে জোটের সদস্যরা জোটভুক্ত যেকোনো দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারত। গত ৩ নভেম্বর সরকার অধ্যাদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে। সংশোধিত আদেশে বলা হয়, একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে।