ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনও অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।
আজ বৃহস্পতিবার বরিশালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, আল্লাহ ও রাসুল নিয়ে আপত্তিকর কথা বলেছে তাদের আমরা যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসূল, কোরআন নিয়ে কোনও কটূক্তি করে তাদের আইনের আওতায় আনা হবে।
কোনোক্রমেই আইন হাতে তুলে নেওয়া যাবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেউ কোনও অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে।
ড. খালিদ বলেন, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শতশত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনও করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনও ব্যর্থ হয় না। আগামী দিনেও ব্যর্থ হবে না।
চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এতে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।