লেয়াকত আলী

সিনিয়র নেতাদের ড্রইংরুমে হাজিরা না দেওয়ায় মনোনয়ন বঞ্চিত হয়েছি

দ‌ক্ষিণ চট্টগ্রামের আলোচিত বাঁশখালীর বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘সিনিয়র নেতাদের ড্রইংরুমে হাজিরা না দেওয়ায় মনোনয়ন বঞ্চিত হয়েছি’। তার এ বক্তব্য ঘিরে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন, ‘৪১ বছরের রাজনৈতিক জীবনে তিনি মাঠপর্যায়ের মানুষের সঙ্গে সুখ–দুঃখ ভাগাভাগি করে চলেছেন। তিনি দাবি করেন, রাজনীতি আমাকে বারবার ছিটকে ফেললেও বাঁশখালীর মানুষ কখনও আমাকে আশাহত করেনি।

মনোনয়ন বঞ্চনার কারণ হিসেবে তিনি বলেন, ‘সিনিয়র নেতাদের ড্রইংরুমে হাজিরা না দেওয়ায় তিনি বঞ্চিত হয়েছেন।

তার ভাষ্যে, ‘বাংলাদেশের ড্রইংরুম পলিটিক্সে আমি বহুবার পরাজিত হয়েছি। কিন্তু আমার বিশ্বাস ছিল, বাঁশখালীবাসী আমাকে বুকে টেনে নেবেন। তিনি আরও বলেন, ‘সম্মানিত বাঁশখালীবাসী, আপনারা জানেন, আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া, শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে উঠা একজন রাজনৈতিক কর্মী। আমার রাজনীতি আমাকে ছুড়ে ফেলে দিলেও আপনারা আমাকে বুকে টেনে না নিয়ে পারবেন না; এটা আমার বিশ্বাস ছিল।’

আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার স্পষ্ট ঘোষণা দিয়ে তিনি বলেন, বাঁশখালীবাসী, আপনারা সেদিন আমাকে নির্বাচন করার জন্য পরামর্শ দিয়েছেন। আমি আপনাদের পরামর্শকে আমার জন্য আদেশ মনে করে আমি সেদিন নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে পরিষ্কারভাবে আমি আপনাদের বিনয়ের সঙ্গে ঘোষণা করতে চাই, আগামী জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের মানুষের অধিকার নিয়ে আমি পার্লামেন্টে মুভমেন্ট করতে চাই। চট্টগ্রামের চাকরিহারা কর্মহারা ছেলেমেয়েদের পক্ষে আমি ভূমিকা রাখতে চাই। আপনারা আশাকরি আমাকে সহযোগিতা করবেন।