টু ক রো  খ ব র

অনেকদিন পর বিজ্ঞাপনে বাবু

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু কেবল তিন মাধ্যমে অভিনয়ই করেন না, পাশাপাশি মডেলিং ও গান গাইতেও দেখা যায় তাকে। তবে অনেকদিন পর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন এই তারকা। তাকে নিয়ে প্রথমবার একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন আরাফাত খান। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এবং কক্সবাজারের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। এটি মূলত ‘বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট’র বিজ্ঞাপন। এতে বাবা মায়ের ভূমিকায় দেখা যাবে ফজলুর রহমান বাবু ও শেলী আহসানকে। তাদের সন্তানের ভূমিকায় দেখা যাবে আরাফাত ও উর্মিলা উর্মিকে। নির্মাতা আরাফাত খান বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম বিজ্ঞাপন ছিল। চেষ্টা করেছি যতটা ভালোভাবে যতœ করে বিজ্ঞাপনটি নির্মাণ করা যায়। বিজ্ঞাপনটি নির্মাণ করার ব্যাপারে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই এবং শেলী আপা ভীষণ সহযোগিতা করেছেন।’ আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। ফজলুর রহমান বাবুও ভাই অনেক আশাবাদ ব্যক্ত করেছেন।

শাকিবের আরেক নায়িকা জ্যোতির্ময়ী

শাকিব খানকে নিয়ে ‘প্রিন্স’ নামের একটি সিনেমা বানাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ । এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। এবার আরেক নায়িকা হিসেবে যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কু-ু। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’। ‘বঁধূয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন জ্যোতির্ময়ী কু-ু। তার দ্বিতীয় কাজ দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায়, যা আছে মুক্তির অপেক্ষায়। প্রিন্স সিনেমার চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও। এছাড়া সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন। পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন। পরিচালক বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার।

নতুন চরিত্রে হিমি

এবার খোলস পাল্টিয়ে নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। যেখানে থাকছে এক মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প। নাটকের নাম ‘মায়ের শাসন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। অভিনেত্রী হিমির কথায়, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ। যেখানে দর্শক নতুন এক হিমির দেখা পাবেন। কারণ, এতে শুধু নতুন চরিত্র নয়, ভিন্নরকম এক গল্প তুলে ধরা হয়েছে। যেসব গল্প আমাদের চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে দর্শক মনে ছাপ ফেলে, মায়ের শাসন তেমনই এক গল্পের নাটক। এতে একজন মায়ের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও কঠোর মনোভাব তুলে আনা হয়েছে। সন্তানের ভুলে পথে পা বাড়ানো নিয়ে মায়ের শাসন, কতটা গুরুত্ব বহন করে, সেই সত্যিটা দর্শক আরও একবার এই নাটকের মধ্যে উপলব্ধি করার সুযোগ পাবেন বলেই আমার বিশ্বাস।’ শিগগিরই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘মায়ের শাসন’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান নির্মাতা।

স্টেজ মাতাচ্ছেন জয়

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়। বছর জুড়েই স্টেজ শো’তে সংগীত পরিবেশনা নিয়ে জয়কে ব্যস্ত সময় পার করতে হয়। নিজের মৌলিক গান যদিও এই সময়ে জয়ের অনেক কম। কিন্তু তারপরও বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নানান ধরনের গান গেয়ে তিনি শ্রোতা-দর্শককে মুগ্ধ করে আসছেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে। জয় মনে প্রাণে একজন সংগীতশিল্পী। গান নিয়ে ভাবনা ছাড়া যেন তার আর কোনোই ভাবনা নেই। কিছুদিন আগেও ঢাকা ক্লাবের একটি আয়োজনে দর্শক-শ্রোতাদের গানে গানে মুগ্ধ করেছেন। তিন দিন আগেও বনানী ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে জয় গানে গানে মুগ্ধতা ছড়ালেন।

এদিকে আগামীকাল শনিবার জয় নারায়ণগঞ্জ ক্লাবে এবং আগামী ৫ ডিসেম্বর সিলেট ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি। বলা চলে, বাংলাদেশের ক্লাবগুলোতে জয়ের এক ধরনের জয়জয়কার চলছে। জোবায়ের জাহাঙ্গীর জয় বলেন, ‘গানের প্রতি ভালোলাগা ভালোবাসা আমার সেই ছোটবেলা থেকেই। গানের মধ্যেই ডুবে থাকতে ভালোবাসি আমি। সত্যি বলতে কি এই গান গাইতে গিয়ে কত হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি তার কোনো হিসাব নেই। শুধু গানের কারণেই কত বড় মনের মানুষের সঙ্গে আমার হৃদ্যতা তৈরি হয়েছে এবং তা অটুট আছে, তার হিসাব নেই। আজীবন গানকেই বুকে লালন করে গানই গেয়ে যেতে চাই।’