এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় হংকংয়ের সিআইসি-জিরো কার্বন পার্কে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। পুরস্কার তুলে দেন এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটির চেয়ারম্যান প্যাট্রিক লাউ সাউ শিং।
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড যৌথভাবে আয়োজন করে ইউএন-হ্যাবিট্যাট রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ফুকুওকা), এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি (এএইচএস), ফুকুওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার (ইউআরসি) এবং জেস এশিয়া টাউনস্কেপ ডিজাইন সোসাইটি (এটিডিইএস)। শহুরে পরিবেশ, নান্দনিকতা, জনজীবন ও প্রতিবেশগত স্থিতিশীলতায় অবদান রাখা বিশ্বব্যাপী ৭২টি প্রকল্পের মধ্য থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে এবার পুরস্কৃত করা হয়েছে।