'সমালোচনায় অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়', বললেন তাওহীদ হৃদয়

চট্টগ্রাম টি–টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের দিনে প্রায় একাই লড়াই করেছেন তাওহীদ হৃদয়। কিন্তু তাঁর সাহসী ইনিংসও বাংলাদেশের হার এড়াতে পারেনি; কমেছে শুধু ব্যবধান। দলের সামগ্রিক ব্যর্থতার এমন ম্যাচের পর প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনিই। প্রথম প্রশ্নেই উঠে আসে—এমন দিনে সংবাদমাধ্যমের সামনে আসা কতটা কঠিন?

হৃদয় জানিয়ে দেন—এটি তাঁর কাছে কঠিন কিছু নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও হারের মুখোমুখি দল—সমালোচনার ঝড় উঠবে তা তাঁর জানা। আর যুক্তির ভিত্তিতে সমালোচনা হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১৪২–এ, ৯ উইকেট হারিয়ে। একই পিচে অতিথিদের তুলনায় ব্যাটিং ব্যর্থতা যে বেশি চোখে পড়েছে, সেটিও মেনে নেন হৃদয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আপনারা নিজেদের জায়গা থেকে সমালোচনা করতেই পারেন। এটা আপনাদের অধিকার। অনেক সময় আপনাদের দু’একটা মন্তব্যেও আমাদের মধ্যে পরিবর্তন আসে।”

তিনি আরও যোগ করেন, "আমি শুধু অনুরোধ করব যুক্তি দিয়ে সমালোচনা করুন। আমরা অনেক সময় একটি বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলি। তবে সমালোচনা করলে বার্তা পাওয়া যায়, ভালো কিছু করার পথও তৈরি হয়।”

এই ম্যাচে ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ারসেরা ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। কিন্তু ব্যাটিং অর্ডারের সামগ্রিক অবস্থার দিকে তাকালে ছবি মোটেও আশাব্যঞ্জক নয়। চলতি বছরে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের মিডল অর্ডারের স্ট্রাইক রেট সবচেয়ে কম—মাত্র ১১৬.০৭।

এ বিষয়ে উন্নতির প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নে হৃদয়ের জবাব, "শুধু মিডল অর্ডার নয়, ওপেনার থেকে শেষ ব্যাটার—সব জায়গাতেই উন্নতির সুযোগ আছে। উন্নতি হলে ভালো ফল অবশ্যই আসবে।”

বিপিএলে ওপেনার বা ওয়ান-ডাউন হিসেবে দেখা গেলেও জাতীয় দলে সাধারণত নিচের দিকে ব্যাট করতে হয় তাঁকে। তবে এই ম্যাচে তিন নম্বরে নেমে খেলেছেন দুর্দান্ত ইনিংস। এ নিয়ে হৃদয় বলেন, "ক্রিকেট একার খেলা না, এটা টিম গেম। এখন দলে আমার জায়গা উপরে নেই, তাই নিচেই নামতে হচ্ছে।”

নিজেকে নিয়ে বাড়তি প্রত্যাশা ও সমালোচনা নিয়েও মুখ খুললেন তিনি। "অনেকে ভাবেন হয়তো আমি দলে থাকার মতো না। কিন্তু আমি যেখানে আছি ভালো আছি। যারা উপরে খেলছে, তারা দারুণ ফর্মে আছে, পারফর্ম করছে—দেখলে বুঝতে পারবেন। আফসোস নেই। জীবন এমনই। সুযোগ পেলে যেখানে খেলি, সেখানেই দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি।”