রাশিয়ার সেনাবাহিনীতে জর্ডান নাগরিকদের নিয়োগ বন্ধ করার জন্য জর্ডান সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রতি দাবি জানিয়েছে। দুই জন জর্ডানির মৃত্যু ঘটার পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রনালয় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই সতর্কবার্তা জারি করে বলেছে, তারা আরও নাগরিক নিয়োগ রোধে সকল সম্ভাব্য ব্যবস্থা নেবে এবং রাশিয়াকে ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত জর্ডানিদের চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে।
জর্ডান মন্ত্রনালয় এই নিয়োগকে জর্ডান ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং এতে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হচ্ছে বলে সতর্ক করেছে। নিহত দুই জনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে ব্যাপকভাবে বৈদেশিক নাগরিকদের নিয়োগ করা হয়েছে।
ইউক্রেনের হিসাব অনুযায়ী, রাশিয়া ১২৮টি দেশ থেকে অন্তত ১৮,০০০ বিদেশি সৈন্য নিয়োগ করেছে, যাদের মধ্যে ৩,৩০০-এর বেশি যুদ্ধে নিহত হয়েছে। উত্তর কোরিয়ান ও আফ্রিকান নাগরিকদেরও প্রায়ই জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদেরকে বিপদজনক সামরিক কাজে পাঠানো হয়, যা ইউক্রেনের কর্মকর্তাদের ভাষায় মৃত্যুদণ্ডের সমান।