বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি আসরেই আলোচনায় থাকেন সামিত প্যাটেল। ইংল্যান্ডের এই বর্ষীয়ান ক্রিকেটারকে কোনো না কোনো দল নিয়ে নেয়। এবার যেহেতু নিলাম হচ্ছে, তাই সামিত প্যাটেলের ভাগ্য এখনো নির্ধারিত হয়নি। তবে আবেদনকারী ক্রিকেটারদের মধ্য থেকে বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকায় আছে সামিত প্যাটেলের নাম।
অফিসিয়ালি ৪০ বছর ৩৬৩ দিন বয়সী সামিত প্যাটেল বিশ্বের বিভিন্ন ছোটখাট ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। সর্বশেষ গত আগস্টে তিনি খেলেছেন দ্য হান্ড্রেডে। আসন্ন বিপিএল নিলামে তাকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আছেন ৪০ বছর ২০৮ দিন বয়সী আরেক ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। তারা এবার দল পেলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।
বিপিএল নামক বৃদ্ধাশ্রমের নিলামের তালিকায় অবশ্য এই দুজনের থেকেও বেশি বয়সী ক্রিকেটার আছেন। বিদেশি ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার শোয়েব মালিক এবং ভারতের সাবেক স্পিন অল-রাউন্ডার পীযুষ চাওলা। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার।
৪৩ বছর ২৯৯দিন বয়সী শোয়েব এখন নিয়মিতই ক্রিকেট বিশ্লেষণ করেন। এক বছর আগের বিপিএলে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। পরকীয়ার কারণে সানিয়া মির্জার সঙ্গে ছাড়াছাড়ি ঘটে সেই বিপিএলেই। ইদানিং তাকে ব্যঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলতে দেখা যায়। সেসবেও তার পারফর্মেন্স যাচ্ছেতাই।
আর পীযুষ চাওলা তো ভারতীয় ক্রিকেট থেকেই হারিয়ে গেছেন সেই কবে। ৩৭ ছুঁইছুঁই বয়সের এই লেগ স্পিন অল-রাউন্ডার সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০১২ সালে। অবশ্য গত তিন আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। গত আসরে ১১ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।