অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে যাচ্ছেন লিওনেল মেসি। তার এই ‘গোট ট্যুরে’ (GOAT tour) একটি পরিবর্তন এসেছে। সফরের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে হায়দরাবাদ। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় মেসি বলেন, ‘ভারত থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহের মধ্যেই “গোট ট্যুর” শুরু হচ্ছে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, কলকাতা, মুম্বাই ও দিল্লির পাশাপাশি এবার হায়দরাবাদও যুক্ত হলো। খুব শিগগিরই দেখা হচ্ছে, ভারত।’
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় সফরের প্রথম পর্ব শেষে ওইদিনই হায়দরাবাদে যাবেন মেসি। কলকাতায় মেসির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে। এই নিয়ে দ্বিতীয়বার তাকে ওই স্টেডিয়ামে দেখা যাবে। সেখানে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজনের অংশ হিসেবে মাঠে নামার কথা রয়েছে মেসির। সেখানে তার সঙ্গে দেখা যেতে পারে ভারতের ক্রীড়া জগতের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজদের।
এর আগে মেসির ভারতের সফর তালিকায় আহমেদাবাদ এবং কেরালার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সেই দুটি আয়োজন বাতিল করা হয়। কেরালার কোচিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ হওয়ার কথা থাকলেও তা চূড়ান্ত হয়নি। এর বিকল্প হিসেবেই হায়দরাবাদ যুক্ত করা হয়েছে। সর্বশেষ সূচি অনুযায়ী মেসি ১৩ ডিসেম্বর কলকাতা ও হায়দরাবাদ, ১৪ ডিসেম্বর মুম্বাই এবং ১৫ ডিসেম্বর দিল্লি ভ্রমণ করবেন।
মেসির হায়দরাবাদ পর্বে থাকবে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, ফুটবল ক্লিনিক, সংগীতানুষ্ঠান এবং সংবর্ধনা অনুষ্ঠান। ওই পর্বের টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। এছাড়া তিনি মুম্বাইয়ে অংশ নেবেন ‘প্যাডেল গোট কাপ’-এ। সেখানে সম্ভাব্য অতিথি হিসেবে থাকতে পারেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনিসহ আরও অনেক তারকা।
২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে কলকাতায় খেলেছিলেন মেসি। দীর্ঘ ১৩ বছর পর আবার ভারতে ফিরছেন ফুটবল জাদুকর, যা নিয়ে উপমহাদেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।