হাতীবান্ধা

জমির মাটির নিচ থেকে মর্টার শেল উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সমান করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে এটি উদ্ধার করা হয়।

শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ও ব্যাস ২ দশমিক ৫ ইঞ্চি। ওজন প্রায় ৩ কেজি ৫ গ্রাম, এর গায়ে ‘এমকে ১৭’ লেখা রয়েছে। পুলিশের ধারণা এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ।

স্থানীয়রা জানান, আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু দিয়ে সমতল করার সময় প্রায় ২ ফুট গভীরে চাপা পড়ে থাকা মর্টার শেলটি চোখে পড়ে শ্রমিকদের। পরে খবর পেয়ে হাতীবান্ধা থানার পুলিশ ঘটনাস্থল থেকে শেলটি উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে জানানোর পর নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।