বহু প্রতীক্ষিত স্ট্রেঞ্জার থিংস সিরিজ-এর পঞ্চম ও শেষ সিজন মুক্তি পায় এ সপ্তাহে। তবে বুধবার (২৬ নভেম্বর) মুক্তির পরপরই বিপর্যয়ে পড়ে যায় স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স এর সার্ভার ,বিশ্বজুড়ে দর্শকরা বেশ কিছু সময়ের জন্য নতুন পর্বগুলো দেখতে ব্যর্থ হন।
আউটেজ ট্র্যাকার ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে চৌদ্দ হাজারেরও বেশি ত্রুটি-রিপোর্ট পাওয়া যায়। ভারতেও বহু দর্শক স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়া ও কানেকশন ত্রুটির অভিযোগ জানান। নেটফ্লিক্স জানায়, সমস্যা শুধু টিভি ডিভাইসে দেখা দিয়েছিল এবং পাঁচ মিনিটের মধ্যেই সমাধান করা হয়।
সিরিজটির সহ-পরিচালক রস ডাফার ইনস্টাগ্রামে জানান, এমন পরিস্থিতি এড়াতে নেটফ্লিক্স তিরিশ শতাংশ ব্যান্ডউইথ বাড়িয়েছিল। পঞ্চম সিজন প্রকাশের আগের দিনই সিরিজটির আগের সব মৌসুম নেটফ্লিক্সের গ্লোবাল টপ–টেনে উঠে আসে—যা প্ল্যাটফর্মে কোনো সিরিজের জন্য প্রথম ঘটনা।
১৯৮০–এর দশকে সেট করা স্ট্রেঞ্জার থিংস মূলত কাল্পনিক শহর হকিন্সে অতিপ্রাকৃত বিপর্যয়কে ঘিরে গড়ে উঠেছে। তিন বছর ধরে নির্মিত পঞ্চম কিস্তিতে থাকবে একটি টাইম জাম্প এবং নির্মাতাদের ভাষায়, সিরিজের সবচেয়ে সহিংস মৃত্যু।
মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, নোয়া শ্ন্যাপ, ক্যালেব ম্যাকলাফলিন ও গেটেন মাতারাজ্জোসহ মূল অভিনয়শিল্পীরা ফিরেছেন এই মৌসুমে। তাঁদের সঙ্গে আছেন উইনোনা রাইডার, ডেভিড হারবারসহ কিংবদন্তী আরও অনেকে। দ্বিতীয় সিজনে যোগ দেওয়া স্যাডি সিন্ক নিজের শেষ দৃশ্যগুলো শুট করার অনুভূতিকে শৈশবকে বিদায় জানানোর মতো বলে বর্ণনা করেছেন ।