নিজে ড্রাইভ করে কোহলিকে হোটেলে পৌঁছে দিলেন ধোনি

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি এমএস ধোনি ও বিরাট কোহলির ঘনিষ্ট সম্পর্কের বিষয়টি সবার জানা। খেলোয়াড়ী জীবনে নানা গুঞ্জন ছড়ালেও তাদের বন্ধুত্বে চিড় ধরেনি, যার আরও একটি উষ্ণ উদাহরণ দেখা গেল রাঁচিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ধোনির বাসভবনে আয়োজিত এক নৈশভোজ শেষে কোহলিকে টিম হোটেলে পৌঁছে দেন সাবেক এই অধিনায়ক।

রাঁচিতে আন্তর্জাতিক ম্যাচ থাকলেই ধোনির বাড়িতে ক্রিকেটারদের আড্ডা যেন প্রথায় পরিণত হয়েছে। তেমনই গতকাল বৃহস্পতিবার ধোনির বাড়িতে বিশেষ এই নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের তারকা ক্রিকেটার রিশাভ পান্ত এবং রুতুরাজ গায়কোয়াড়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন ক্রিকেটার একসঙ্গে ধোনির বাড়িতে প্রবেশ করছেন। এই দৃশ্য নিয়ে স্টার স্পোর্টস ক্যাপশনে লেখে- ‘রিইউনিয়ন অব দ্য ইয়ার?’

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ওই নৈশভোজে আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে ধোনি নিজেই গাড়ি চালিয়ে কোহলিকে ভারতীয় দলের টিম হোটেলে পৌঁছে দেন। এই দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের এই দৃশ্য ভক্তদের আবেগাপ্লুত করেছে।

উল্লেখ্য, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধোলাই হয়েছে ভারত। তাই তাদের ওপর এখন ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর চাপ আছে। এ সিরিজটিই হতে যাচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একসঙ্গে মাঠে দেখার আরেকটি বড় উপলক্ষ। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি এবং রোহিত  গত অস্ট্রেলিয়া সফরেও ওয়ানডে সিরিজ খেলেছিলেন।