কারিগরি কমিটির ঢাবির হল নিরীক্ষণ অব্যাহত

ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য বুয়েটের বিশেষজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত কারিগরি সাব-কমিটির হল পরিদর্শন অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি আবাসিক হল ও হোস্টেল পরিদর্শন করেছে কারিগরি সাব-কমিটি। হলগুলো হলো- হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন নাহার হল, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, কবি সুফিয়া কামাল হল ও অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরা।

গত ২১ নভেম্বর ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির অধীনে আবার চারটি সাব-কমিটিও গঠিত হয়। বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এসব সাব-কমিটি দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ও ভবনসমূহ পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শেষ করবে। পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে। কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।