মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-শিশুসহ ৩০ আহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে একটি  পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  নারী ও শিশু সহ ৩০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল নয়টার দিকে এ ঘটনা সংঘটিত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুরে প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফল ভোগী সদস্য নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষ মাছ ছাড়ার দাবি জানায়। শুক্রবার সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে তার লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকেরা বাধা দেয়। এতে দুপক্ষই ধারালও অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করে। প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ আহত হয়।

এ ঘটনায় আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০), লজরুল ইসলাম (৪৫) কে ঢাকায় পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাড়াশ হাসপাতালের ডা. শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলার পর প্রয়োজনীয়তা আইনগত ব্যবস্থা নেয়া হবে।