১৮ বছর আগে গড়া রেকর্ড ভাঙল ১০৪ জন স্কাইডাইভার

ফ্লোরিডার লেক ওয়েলসে এক মনোমুগ্ধকর আকাশী প্রদর্শনীতে ১০৪ জন স্কাইডাইভার ইতিহাস সৃষ্টি করেছেন। তারা বিশ্বের সবচেয়ে বড় ক্যানোপি রিলেটিভ ওয়ার্ক ফর্মেশন রেকর্ড ভেঙেছেন। তারা ১৮ বছর আগে গড়া ১০০ জনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ইন্ডিয়ান টুডে খবর অনুসারে, ভিডিওতে দেখা গেছে, রঙিন প্যারাসুটগুলো আকাশে জটিল ‘স্টারবার্স্ট’ আকারে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। ফর্মেশন গঠনে ৩৬ জন পাইলট ভ্যালকিরি প্যারাসুট ব্যবহার করে স্থিতিশীল ভিত্তি তৈরি করেছেন, এবং বাকি স্কাইডাইভাররা একাধিক বিমান থেকে নিখুঁতভাবে ফর্মেশনে যোগ দিয়েছেন। এই প্রদর্শনীতে ১৯টি দেশ থেকে অংশগ্রহণকারী স্কাইডাইভাররা উপস্থিত ছিলেন। যা এই উচ্চ-ঝুঁকিপূর্ণ ডিসিপ্লিনে বৈশ্বিক সহযোগিতা ও নিখুঁত একতার পরিচয় তুলে ধরে।

সংগঠন পক্ষ সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘থ্যাঙ্কসগিভিংয়ের এই দিনে আমরা ১০৪-জনের নতুন বিশ্বরেকর্ডের জন্য কৃতজ্ঞ। যারা এই ঐতিহাসিক ফর্মেশন তৈরি করেছেন, তাদের অভিনন্দন।’

বছরের পর বছর ধরে কঠোর প্রশিক্ষণের পর স্কাইডাইভাররা এই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করেছেন। যেখানে বায়ুর ঝড়, ওজনের চাপ এবং ২০-৩০ মাইল প্রতি ঘণ্টার গতির ক্যানোপি নিয়ন্ত্রণের মধ্যে নিখুঁত সমন্বয় অপরিহার্য।