ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার রয়েছে, আবার কেউ ধর্ম না-ও মানতে পারে। কিন্তু ধর্ম নিয়ে কোনো ধরনের অবমাননা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রত্যেকে ধর্ম পালনের অধিকার রাখি। সবারই ধর্মীয় অধিকার রয়েছে। কেউ যদি বলে ধর্ম মানি না, না মানুক। কিন্তু ধর্ম অবজ্ঞা করা, ভিন্ন ব্যাখ্যা দেওয়া চলবে না।
ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তার বিচারের জন্য আইন, আদালত, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী আছে। কেউ যেন আইন হাতে না নেয়। আইনের কাজ নিজেরা করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়।
খালিদ হোসাইন আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা তুলে ধরছেন আমাদের হাফেজরা। যেসব হাফেজ অর্জন বয়ে এনেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্মাননা দেওয়া হবে।
বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকরার মহাসচিব সাখাওয়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব তানভীর আহমেদ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওযাসীফ, ঢাকাস্থ ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ইন্দোনেশিয়ান হাইকমিশনে মিনিস্টার কাউন্সিলর আহমেদ সাইফুদ্দিন আযহারী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
এর আগে শুক্রবার সকাল ৮টায় শুরু হয় এ সম্মেলন। বাংলাদেশে পবিত্র কোরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতেই ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর এ আয়োজন করে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র সহযোগিতায় এতে পৃষ্ঠপোষকতায় ছিল পিএইচপি ফ্যামিলি।
সম্মেলনে ক্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলাম নেজাদ এবং ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাজির আজগর।