মাদারীপুরে দীর্ঘ আড়াই মাস পর ফিরল প্রবাসীর মরদেহ

দীর্ঘ আড়াই মাস অপেক্ষার পর দেশের মাটিতে শেষকৃত্য হয়েছে ইতালিতে নৃশংস ভাবে খুন হওয়া মাদারীপুরের যুবক সাগর বালা (২১)।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইতালি থেকে দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামে পৌঁছায় সাগরের মরদেহ। এ সময় গ্রাম জুড়ে হৃদয়বিদারক ঘটনার অবতারণ ঘটে। কান্নায় ভেঙে পড়েন পরিবার সদস্য ও স্বজনরা। জ্ঞান হারান বৃদ্ধ বাবা-মা।

এর আগে ধারের একশো ইউরো ফেরত চাওয়ায় তাকে নৃশংস ভাবে হত্যা করে এক ইউক্রেনের নাগরিক। নিহত রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আড়াই বছর আগে ১৮ লাখ টাকা ধারদেন করে ভাগ্য পরিবর্তনের আসায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর। গত দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টের কাজে যোগ দিয়েছিলেন তিনি। কাজ করার সুবাদে সেখানে ইউক্রেনের নাগরিক দুমিত্রে সুরাইনের সাথে বন্ধুত্ব হয়। পরে সাগরের কাছ থেকে একশো ইউরো ধার নেন। এ ধারের ইউরো ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে খুন করেন দুমিত্রে। এরপর সাগরের মরদেহটি ২৬ টুকরো করে একটি কালো ব্যাগে ভরে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় রেলওয়ের পাশে ফেলে দেন তিনি। এ দিকে গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ সাগরের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর তার খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেন ইতালিয়ান পুলিশ। ওই দিনই গ্রেপ্তার করা হয় হত্যাকারীদের। পরে লাশটি দেশে আনার জন্য ইতালিয়ান দূতাবাসে চিঠি দেন বাংলাদেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ তিন মাস পরে শুক্রবার বিকেলে ইতালিয়ান সরকার ও বাংলাদেশের সরকারের সহযোগিতায় সাগরের মরদেহটি নিজ বাড়ি পাখুল্লা গ্রামে ফিরে আসে এবং দেখতে পান পরিবার ও স্বজনরা। সন্ধ্যায় বাড়ির উঠানেই সাগরের শেষকৃত্যই সম্পন্ন করা হয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

সাগরের ছোট মামা সুরেশ চন্দ্র মন্ডল জানান, খুনি ইউক্রেনের নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। সরকারবাদি মামলা চলতেছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এছাড়া আমার ভাগিনা একাই সংসারসহ সকল খরচ চালাতও। কিন্তু এখনো সব শেষ হয়ে গেল। তারা কিছু টাকার দেনাও আছে, যা দেওয়ার মতো সামর্থ্য সাগরের পরিবারের নেই। তাই সরকারের কাছে এই পরিবারটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানাই।

এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, ইতালিতে খুন হওয়া সাগরের মরদেহ দেশে আসার বিষয়ে জানি না, আমাকে কেউ জানায়নি। তবে নিহতের পরিবার সহযোগিতা চাইলে, তার কর্মরত কোম্পানিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হবে। যদি কোন ক্ষতিপূরণ পায় তাহলে ওই দেশ থেকে সেটা ব্যবস্থা করে দেওয়া হবে।