রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ওয়াটারএইড বাংলাদেশের ‘ব্লু’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘টয়লেটস অন দ্য গো’ মোবাইল টয়লেট ডিজাইন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সুইডেন দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকার তীব্র পাবলিক টয়লেট সংকট মোকাবিলায় সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই মোবাইল টয়লেট ডিজাইনের জন্য চারটি তরুণ দলকে পুরস্কৃত করা হয়েছে। প্রায় ৪০টি প্রাথমিক ডিজাইন থেকে কঠোর যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে ১২টি দল অংশ নেয়। বৃহস্পতিবার সারা দিনব্যাপী দুই রাউন্ডে বিচারকদের সামনে নিজেদের ডিজাইন উপস্থাপন করেন প্রতিযোগীরা। বিচারক প্যানেলে ছিলেন সুইডেন দূতাবাসের মো. মোস্তাফিজুর রহমান, ওয়াটারএইডের মো. তাহমিদুল ইসলাম, ভূমিজের ফারহানা রশিদ এবং আমার সোর্সের মাজেদুর রহমান মাসুম।
বিজয়ী চার দল হলো ১. টিম বিইউ : এই টিমের সদস্যরা হলেন মো. আহনাভ শাহরিয়ার তানিম, মাহমুদুল হাসান মাহমুদ, মো. নাফিজ ফুয়াদ ও ধীরাজ রায়। ২. পত্র ডিজাইন স্টুডিও : এই টিমের সদস্যরা হলেন সুমন পাল, ইয়াসির আফিয়াত রাফি, নৈরিত চাকমা, মো. রায়হানুল হক ও মেখি দত্ত । ৩. শান্তিকন্যা টিম : এই টিমের সদস্যরা হলেন জান্নাতুল ফারদৌস, লামিয়া ফারিহা ও মাহমুদা হক মুন এবং ৪. টয়লেটল ইন দ্য লুপ : এই টিমের সদস্যরা হলেন তুনিশা কুরল ও ফিহা বিনতে হাফিজ।
প্রত্যেক বিজয়ী দলকে নগদ ১ লাখ টাকার পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।