‘অধ্যায় এখনো শেষ হয়নি’ -মেসির বার্সা প্রত্যাবর্তন নিয়ে আগুয়েরো

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের অধ্যায় এখনো শেষ হয়নি—এমনটাই মনে করেন আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্যারিয়ারের শেষভাগে নিজের প্রাণের ক্লাব বার্সেলোনায় ফিরে যেতে পারেন লিওনেল মেসি।

ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে মেসির সাম্প্রতিক সফর নতুন করে জল্পনা উসকে দিয়েছে। মেসি নিজেও জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা করছেন। আগুয়েরো বলেন, ‘মেসি বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে শুধু একটি ক্লাবের নয়, পুরো শহরের কিংবদন্তি। বার্সেলোনা ও মেসি একে অপরের সমার্থক। আমার বিশ্বাস, এই অধ্যায় এখনো শেষ হয়নি।’

আগুয়েরো আরও জানান, ক্যাম্প ন্যুতে আবার পা রাখাটা মেসির জন্যও ছিল আবেগঘন এক অভিজ্ঞতা। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি থেকে তাকে ধারে ফেরানোর গুঞ্জন নিয়েও আলোচনা চলছে। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা এই গুজব উড়িয়ে দিয়েছেন। নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়াও প্রকাশ্যে মেসির সঙ্গে খেলার আগ্রহের কথা বলেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে মেসিকে ক্লাব ছাড়তে হয় এবং তিনি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। আগুয়েরো চান, মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলুন। তার ভাষায়, ‘আমরা সবাই চাই লিও চিরকাল খেলুক, যদিও জানি সেটা সম্ভব নয়। যত দিন খেলবে, তত দিনই তার খেলা উপভোগ করব। আর্জেন্টিনা দলটিও এখন দারুণ খেলছে। স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি আছে নবীনরা, যা দলকে আরও শক্তিশালী করেছে।’