বিশ্বজুড়ে বিমান চলাচলে প্রভাব ফেলতে পারে এমন এক প্রযুক্তিগত সতর্কতা জানিয়েছে বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস। সম্প্রতি সৌর বিকিরণের প্রভাবে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় এয়ারবাস তাদের প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেট করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে এয়ারবাসের এ৩২০ মডেল বিমানের সফটওয়্যার আপডেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত বছরের অক্টোবর, যখন জেটব্লু এয়ারক্রাফটের একটি বিমান মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী পথে উড়ন্ত অবস্থায় হঠাৎ উচ্চতা কমিয়ে নিচে নেমে আসে। তৎপর তদন্তে দেখা যায়, সৌর বিকিরণের কারণে বিমানের কম্পিউটারের একটি ডাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উচ্চতা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটি জরুরি অবতরণ করে।
এয়ারবাস জানিয়েছে, বেশিরভাগ বিমানের ক্ষেত্রে সফটওয়্যারকে পুরানো, স্থিতিশীল সংস্করণে ফিরিয়ে আনা হলে সমস্যা সমাধান সম্ভব হচ্ছে। প্রত্যেকটি সফটওয়্যার আপডেট করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। তবে কিছু বিমানের ক্ষেত্রে হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন হতে পারে, যা সমাধানকে কিছুটা দীর্ঘায়িত করতে পারে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হার্ডওয়্যার পরিবর্তনের ঘটনা বিরল।
এই সতর্কতার কারণে বিভিন্ন এয়ারলাইন ইতোমধ্যেই কিছু ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে, যা বিশ্বব্যাপী বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি করতে পারে।
সূত্র: বিবিসি