আর্সেনাল ম্যাচে কোল পালমারকে পাচ্ছে চেলসি

প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেল চেলসি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ইংলিশ তারকা মিডফিল্ডার কোল পালমার। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ ম্যাচে তাকে শুরু একাদশেই পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চেলসির কোচ এনজো মারেস্কা পালমারের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পালমার এখন পুরোপুরি ফিট। আমরা সবাই খুশি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে নিজে খেলতে মুখিয়ে আছে। ও আমাদের অন্যতম সেরা খেলোয়াড়।’

চলতি মৌসুমের শুরুতে কুঁচকির চোটে দীর্ঘ ১৩ ম্যাচ মাঠের বাইরে ছিলেন পালমার। ইনজুরি কাটিয়ে ফেরার প্রস্তুতির মধ্যেই ঘরের দরজায় আঘাত লেগে আঙুলের চোট পান তিনি। ফলে বার্নলি ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচগুলোও মিস করতে হয় তাকে।

এই মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন পালমার, একটি গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ওই একমাত্র ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। তার ফেরার ফলে চেলসির আক্রমণে আবারও সৃজনশীলতা ও গতি ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বর্তমানে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছয়। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এই ম্যাচটি শিরোপা লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

ইউরোপিয়ান মঞ্চে বার্সেলোনার বিপক্ষে সাম্প্রতিক জয় চেলসিকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। এর সঙ্গে পালমারের প্রত্যাবর্তন দলটির জন্য বড় শক্তি হয়ে উঠছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কোল পালমার, যা তার গুরুত্ব ও প্রভাবের স্বীকৃতি হিসেবেই দেখছেন ফুটবলবিশ্ব।

একদিকে শিরোপার ছন্দে থাকা শক্তিশালী আর্সেনাল, অন্যদিকে নিজের মাঠে পূর্ণ শক্তি নিয়ে নামতে চলা চেলসি— সব মিলিয়ে রবিবারের ম্যাচটি হতে যাচ্ছে মৌসুমের অন্যতম আকর্ষণীয় লড়াই। আর এই গুরুত্বপূর্ণ সময়ে কোল পালমারের ফেরা ‘দ্য ব্লুজ’দের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।