জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর ফলে আব্দুল হালিম (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হন। দুর্ঘটনাটি উপজেলার নয়ানগর ইউনিয়নের মামা-ভাগ্নে এলাকার বেইলি ব্রিজের কাছে ঘটেছে।
নিহত আব্দুল হালিম ইসলামপুর উপজেলার হাড়গিলা কুলকান্দি ইউনিয়নের তারতাপাড়া এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। তিনি বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হালিম মোটরসাইকেল চালিয়ে জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেইলি ব্রিজের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ইসলামপুর-জামালপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ‘মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’