বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মাসিয়া থেকে উঠে এসেছেন লিওনেল মেসিসহ পৃথিবী বিখ্যাত সব খেলোয়াড়। এখানেই তৈরি হয়েছেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেটস, কার্লোস পুয়োল, পেপ গার্দিওলা, আনসু ফাতি থেকে হালের লামিনে ইয়ামাল। ঠিক এই মুহূর্তে লা মাসিয়ায় বেড়ে উঠছেন এক বিস্ময়বালক। তার নাম ডেসটিনি কোসিসো এজিফোর।
নাইজেরিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ বালকের বয়স মাত্র ১২ বছর। এই বয়সেই গোল করার অবিশ্বাস্য ক্ষমতার প্রদর্শনী দেখিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তাকে নিয়ে এতটাই আলোচনা হচ্ছে যে, বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি পর্যন্ত করে ফেলেছে। যদিও ফিফার নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় ১৬ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত এবং প্রথম পেশাদার চুক্তি না করা পর্যন্ত তাদের সঙ্গে প্রতিনিধিত্বমূলক চুক্তি করা এজেন্টদের জন্য নিষেধ।
প্রশ্ন আসতে পারে, ১২ বছরের ডেসটিনি এমন কী করেছেন, যার কারণে নাইকি ফিফার আইন অমান্য করেছে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, বার্সেলোনার অনূর্ধ্ব–১২ দলে খেলার সময় ডেসটিনি ছিল সবচেয়ে কম বয়সী। প্রথম মৌসুমে সে ৯ ম্যাচে ১৬ গোল করে। তবে গত মৌসুমে সে দেখিয়ে দেয় আসল চমক। ৭ জনের দলের হয়ে খেলে ৫২ ম্যাচে গোল করে ১৪৫টি! এরপর তার নাম ছড়িয়ে পড়তে থাকে।
ডেসটিনির বাবা নাইজেরিয়ার ফুটবলার এজিকে পাসচ্যাল একসময় স্পেনের তৃতীয় বিভাগ ফুটবল খেলেছেন। ডেসটিনির দুই বড় ভাই ডেসটিনির বড় ভাই ১৭ বছর বয়সী ডেভিড ওবিন্না ও ১৬ বছর বয়সী ডিভাইন ইকেন্নাও লা মাসিয়া থেকে উঠে এসেছে। এজিকে পাসচ্যাল গত সেপ্টেম্বরে বলেছিলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার তিন ছেলেই বার্সেলোনায় আছে। সবাই ভালো করছে। কিন্তু ডেসটিনি আমার মতে তার বয়সের পর্যায়ে একটু বেশি ভালো করছে।’