রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২

রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহয়োগীসহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসর রয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে, দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য।

এ বিষয়ে শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।

ডিআইজি আরো জানান, অভিযানের উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানো।

ব্রিফিংয়ে জানানো হয়, এ অভিযানটির মোট তিনটি ধাপ সম্পন্ন হলেও এখনও শেষ নয়। জেলাগুলোর যে কোন স্থানে এবং বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।