সৌদি আরব-মালয়েশিয়াসহ সাত দেশে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় শনিবার সকাল ৬টা থেকে চালু করা হয়েছে।
এতে ব্যালট পেতে পোস্টকোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করা, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি।
এর আগে গত বৃহস্পতিবার সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।