গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেইট এলাকায় একটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে হামীম গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে শতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে একে একে মেঝেতে লুটিয়ে পড়ে। অনেকের মুখ দিয়ে লালা বের হতে থাকে। পরে সহকর্মীরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে প্রায় সবাই নারী শ্রমিক। কারখানার ৫ তলার ফ্লোরে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানায়, গত কয়েকদির আগে কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যান, পাশাপাশি ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছিল। এসব ঘটনায় হয়তো এমন অবস্থা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ভয় বা আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।
টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান জানান, সাধারণত আতঙ্ক ও ভয়ের কারণে এমনটি হয়ে থাকে। এ হাসপাতালে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এঘটনার কারণে আগামীকাল রবিবার কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।