টঙ্গীতে শতাধিক কারখানা শ্রমিক হাসপাতালে

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেট এলাকায় একটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে ওই কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষর্শীরা জানায় শনিবার দুপুরের দিকে শতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে মেঝেতে একে এক পড়তে থাকে। অনেকের মুখ দিয়ে লালা বের হতে থাকে। সহকর্মীরা তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে প্রায় সবাই নারী শ্রমিক। কারখানার ৫ তলার ফ্লোরে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, গত কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যাওয়ার ঘটনা ঘটে, পাশাপাশি ভূমিকম্প আতঙ্কও বিরাজ করছিল সব সময়। এসব ঘটনায় হয়তো এমন অবস্থা হয়েছে। শ্রমিকরা কেন এমনভাবে অজ্ঞান হয়ে পড়েছেন এর কারণ কোনো চিকিৎসক বা কারখানা কর্তৃপক্ষ কেউ বলতে পারেননি না। জ্ঞানহারা রোগীদের ভিড়ে হাসপাতালের বারান্দা ভরে যায়। চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানা কর্তৃপক্ষ দ্রুত আহতদের নিজস্ব গাড়িযোগে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক আহত মানুষের ভিড়ে হাসপাতাল ভরে যায়। ঘটনার খবর শুনে হাজার হাজার মানুষ টঙ্গী হাসপাতালে ছুটে আসেন স্বজনদের খোঁজ নিতে। কান্নাকাটি শুরু হয় টঙ্গী সরকারি হাসপাতাল জুড়ে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ভয় বা আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান বলেন, সাধারণত আতঙ্ক ও ভয়ের কারণে এমনটি হয়ে থাকে। এ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে এবং ১২জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।