বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইলে এখনই পদত্যাগ করা উচিত। অন্যথায় সরকারের নিরপেক্ষতাসহ নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি আরও বলেছেন, জাতীয় নাগরিক পার্টির বিএনপির (এনসিপি) সঙ্গে জোটে যাওয়া নিয়ে দোলাচলে আছে। ইসলামি দলগুলোর সঙ্গেও তাদের আলাপ আলোচনা চলতে পারে। তবে পেন্ডুলামের মতো ডিগবাজি না খেয়ে নীতি আদর্শ মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান
হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ঢাকা কলেজকে পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন।
সাইফুল হক বলেন, ‘রাজনীতিতে অতীতে চর দখলের যে চর্চা হয়েছে, আমরা ভবিষ্যতে তার পুনরাবৃত্তি দেখতে চাই না। ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে বিত্তবৈভব অর্জনের যে প্রতিযোগিতা আগে দেখা গেছে তার পুনরাবৃত্তি হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে।’ ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক জাকির হোসেন লিটন, সাইদুর রহমান ও মশিউর রহমান খান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।