সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পাক প্রধানমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, ‘আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’
খালেদা জিয়ার উদ্দেশে শেহবাজ শরীফ লিখেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন। অনুগ্রহ করে, আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন।‘
নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ইউরোপের কোনো দেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম সবুজ সংকেত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।