যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান হোয়াকুইন কাউন্টির স্টকটন শহরে শনিবার সন্ধ্যায় একটি ব্যাঙ্কেট হলে চলা পারিবারিক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
সান হোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। এনবিসি নিউজ সূত্রে এ তথ্য জানা যায়। ব্রেন্ট আরও জানান, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও ছিলেন। তদন্তকারীরা বন্দুকধারীকে শনাক্ত করার জন্য কাজ করছেন। ব্রেন্ট বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো এই ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’
ঘটনাটি ঘটেছে সান জোয়াকিন কাউন্টির লুসিল অ্যাভিনিউতে সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে। পুলিশ ও এফবিআই তদন্তে রয়েছে, তবে বন্দুকধারীর সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের মতে, এটি লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘটনাটিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, রাজ্যের জরুরি পরিষেবাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।