রাশিয়ার নৌবহর লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

কৃষ্ণসাগরের জলপথে চলমান রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’-এর দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে, জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা গেছে, পানির ওপর চলমান ড্রোনগুলো দ্রুতগতিতে ট্যাংকারের দিকে এগিয়ে যায় এবং বিস্ফোরণের মাধ্যমে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে দেয়। তুরস্কের কর্তৃপক্ষের মতে, হামলার শিকার ট্যাংকার দুটির নাম ‘কায়রোস’ ও ‘ভিরাট’, উভয়ই গাম্বিয়ার পতাকাবাহী। শুক্রবার (২৮ নভেম্বর) তুরস্ক উপকূলে হামলা চালানো হয়, এবং শনিবার (২৯ নভেম্বর) ‘ভিরাট’-কে পুনরায় আঘাত করা হয়েছে। তবে এ হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

এই হামলাগুলো কিয়েভের রাশিয়ার তেল রাজস্বের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখাচ্ছে, যা ইউক্রেনে চলমান যুদ্ধের অর্থায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার শিকার দুটি জাহাজই রাশিয়ার ছায়া নৌবহর এর অংশ, যেটি ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহার করা হয়। সাধারণত এই নৌবহরে পুরোনো ট্যাংকার থাকে, যার মালিকানা বা বিমা নিয়ে ধোঁয়াশা রয়েছে।