ভোলা জেলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা ভোলা-বরিশাল সেতুর মাধ্যমে ভোলার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিল্পায়ন ও পর্যটন সম্ভাবনার প্রসার ঘটবে বলে মতামত দেন। একই সঙ্গে তারা সরকারের প্রতি সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
ভোলা জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল ও ভোলা জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান।
এতে উপস্থিত ছিলেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তামিম হোসেন, সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ বর্তমান সভাপতি মিনহাজুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান।
আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীসহ ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।