চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছয় লেনের দাবিতে স্থানীয়দের অবরোধ শেষ হয়েছে। জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আশ্বাস পাওয়ার পর রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই সড়কটি দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
ফোনে শাহজাহান চৌধুরী বলেন, ৬ লেনের দাবিটি সরকার গ্রহণ করেছে। জাইকার সহযোগিতায় ছয় লেনের ৩৪ ফুট রাস্তা হবে বলে সড়ক উপদেষ্টা জানিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। এর একমাসের মধ্যেই কাজ শুরু হবে।
এর আগে, রবিবার সকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, এই সড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কিছু ঝুকিপূর্ণ বাকের কারণে এই দুর্ঘটনা ঘটে। লবনবাহী গাড়ি চলাচলের কারণে লবণ পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। সড়কটি ছয় লেন করা হলে দুর্ঘটনা কমবে।