যশোরে অস্ত্র গুলিসহ মাদক কারবারি আটক 

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকা থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।  

রবিবার (৩০ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। আটক লিটন গাজী ৩৮ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। 

আজ রবিবার ভোর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের শোয়ার ঘরে বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। মূলত অস্ত্র গুলো বেনাপোল থেকে চট্টগ্রামে পাচারের জন্য মজুদ রাখা হয়েছিলো।