কক্সবাজারে মাদক মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাপাচার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালতে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফ উপজেলার ওয়াব্রাং এলাকার আব্দুর রহমান (৩৩) ও মৌলভীবাজার এলাকার নুর মোহাম্মদ (২৮)।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, গত ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ছোট দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক পাঁচজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। লোকগুলো বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে গ্রামের ভেতরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাচারকারিদের ফেলে যাওয়া দুইটি বস্তা খুলে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ইয়াবা পাওয়া যায়। এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। 

এঘটনায় ওইদিন বিকেলে বিজিবির এক সদস্য বাদী হয়ে ছয়জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করে।