আদালতে তাপস দম্পতির আয়কর নথি জব্দের আদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপসের বিরুদ্ধে আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আদালত মনে করে।

আফরিন তাপসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি তার স্বামীর সঙ্গে যোগসাজশে ৬ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। তার ৯টি ব্যাংক হিসাবেও ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এ মামলার তদন্তের জন্যও তার আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

উভয় মামলা তদন্তের জন্য ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।