১০ম গ্রেডের দাবি

হিলিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিজ নিজ কর্ম থেকে বিরত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে তারা কর্মবিরতী পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা সরকারকে অবিলম্বে এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে হুশিয়ারি দেন।  এছাড়া তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দেন।

এদিকে তাদের কর্মবিরতির কারণে ওষুধসহ অন্যান্য সেবা না পেয়ে চরম বিপাকে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। সকাল ১১টার পর কর্মবিরতী শেষ হলে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক হয়। আর এতে স্বস্তি ফিরে সেবা নিতে আসা রোগীদের।