সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ক্রীড়া সাংবাদিক জহির উদ্দিন ভূঁইয়া (৫২)। দুপুরে সবুজবাগের বাসাবো এলাকার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন তিনি। খিলগাঁও ফ্লাইওভার নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাকিব ভূঁইয়া তামিম জানিয়েছেন, 'আমার বাবা বিকেল পৌনে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, বাবা আর বেঁচে নেই।'
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
জহির ভূইয়া প্রায় দুই দশক ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে জড়িত। দৈনিক মানবজমিনের পত্রিকায় তিনি একসময় কাজ করেছেন। তিনি মূলত ক্রিকেট রিপোর্টিংয়ে বেশি সময় কাটিয়েছেন। ফুটবলসহ অন্য খেলা কাভারও করেছেন অনেক সময়।
জহির উদ্দিন ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।