শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল আজ রবিবার (৩০ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। ট্রাইব্যুনাল একই সঙ্গে শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি সশরীরে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। সেদিন পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ আদালতে আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান এবং ২০ অক্টোবর আদালত তাকে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।