চাকরি হারাচ্ছেন দুই সিনিয়র কূটনীতিক 

মরক্কোয় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ ও রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সাবেক উপ-মিশন প্রধান ফয়সল আহমেদকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন। 

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই দুই কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে তারা তা অমান্য করে নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেন।

হারুন অর রশিদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, হারুন কানাডায় ও ফয়সল যুক্তরাজ্যে অবস্থান করছেন। উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, দুই প্রশিক্ষণার্থী কূটনীতিক মিথ্যা তথ্য দেওয়ায় অপসারিত হয়েছেন।  

এদিন সীমান্ত হত্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর একমাত্র সীমান্ত, যেখানে যুদ্ধাবস্থা না থাকা সত্ত্বেও গুলি করে মানুষ মারা হয়। বাংলাদেশের কর্মকর্তাদের অনেকে সীমান্ত হত্যার যৌক্তিক, এমনটা প্রকাশ্যে বলার চেষ্টা করেছেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, (সীমান্তে) অপরাধ করলে আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা যায়। সাজা দেওয়া যায়। কিন্তু একজন বন্দুকধারী লোককে একই সঙ্গে অভিযোগকারী, বিচারক ও সাজা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশের বারংবার আপত্তি সত্ত্বেও সীমান্তে এটাই হচ্ছে। এর কোনো সমাধান আপাতত নেই, এমনটা মনে করেন উপদেষ্টা।