আনসার ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক আলমগীর গ্রেপ্তার

নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শনিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে হস্তান্তর করে।

অভিযোগ রয়েছে, ঋণ নেওয়া গ্রাহকদের অধিকাংশ ব্যক্তির বাস্তবে অস্তিত্ব না থাকা, ভুয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করা ও গ্রাহকদের না জানিয়ে তাদের নামে ঋণ তুলে ব্যাংক দুটি শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাৎ করে পালিয়ে ছিলেন তিনি।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের গত ২০ অক্টোবরের অভিযানে কর্মকর্তারা রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে অসংখ্য অনিয়ম এবং জালিয়াতির স্পষ্ট প্রমাণ পান। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তেও মিলে এর সত্যতা। অভিযোগ ভিত্তিতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

চলতি বছরের অক্টোবর মাসে বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

দুদকের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তারের পর আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তাকে আদালতে সোপর্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তার বিরুদ্ধে সেনবাগ ও নোয়াখালী শাখায় গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও জালিয়াতির দুটি মামলা হয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।