শিক্ষার্থীদের অবরোধে রাজধানীতে তীব্র যানজট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা আজ সোমবার (১ ডিসেম্বর) সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। অবরোধের কারণে এলিফ্যান্ট রোড থেকে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়, পাশাপাশি নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডি এবং ধানমন্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে।

এটি স্বাভাবিকভাবে রাজধানীর যাত্রী ও পথচারীদের জন্য তীব্র ভোগান্তি সৃষ্টি করে। বাস, প্রাইভেটকার, রিকশা—সব ধরনের যানবাহন আটকে থাকায় অনেক মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন। 

রাশেদুল ইসলাম নামের এক দোকান কর্মচারী জানান, ‘ধানমন্ডি পর্যন্ত জ্যাম ছাড়িয়েছে। গাড়ি চলছে না, তাই পায়ে হেঁটেই নিউমার্কেটের দিকে যাচ্ছি। হঠাৎ সড়ক বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে।’

অন্যদিকে আফসানা খাতুন নামের এক পথচারী বলেন, ‘নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। বাধ্য হয়ে হাঁটতে শুরু করেছি। সায়েন্সল্যাব পার হয়ে সামনের রাস্তা থেকে গাড়িতে উঠবো।’

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি রয়েছে। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা পরিবেশের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।

উল্লেখ্য, সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।