নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার প্রতিবাদে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাড়ির বাইরে শত শত ইসরায়েলি সমবেত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) রাতে তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির মামলায় সম্পূর্ণ ক্ষমা চাওয়ার পরিকল্পনার প্রতিবাদে এ জনসমাবেশ তৈরী হয়।
৭৬ বছর বয়সী নেতানিয়াহু কোনো অপরাধ স্বীকার না করে বা অনুশোচনা প্রকাশ না করে ক্ষমা চেয়েছেন, যার জেরে বিরোধী সাংসদ ও সক্রিয় নাগরিকরা হার্জোগকে আবেদনটি প্রত্যাখ্যান করার দাবি করেছেন। প্রতিবাদকারীরা 'পার্ডন=বানানা রিপাবলিক' এর মত অবমাননাকর স্লোগান এবং প্রতীকী প্রদর্শন যেমন কয়েদীর পোশাকে নেতানিয়াহুর ছবি ব্যবহার করেছেন।
প্রধানমন্ত্রীকে তিনটি দুর্নীতি মামলায় পাঁচ বছরের বিচার কার্যক্রমের সম্মুখীন হতে হয়েছে, যার মধ্যে ঘুষ গ্রহণ এবং মিডিয়ায় সুবিধাজনক কভারেজ পাওয়ার চেষ্টা করার অভিযোগ রয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন এবং সম্পূর্ণ খালাসের আশা প্রকাশ করেছেন।
একটি ভিডিও বিবৃতিতে তিনি বলেছেন, তিনি আইনি প্রক্রিয়া শেষ করতে চান তবে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে ক্ষমার জন্য আবেদন করেছেন। তিনি সতর্ক করেছেন যে বিচার কার্যক্রম চলার কারণে ইসরায়েলে বিভাজন তীব্র হচ্ছে।