উন্নত দেশে কর্মভিত্তিক অভিবাসন হ্রাস

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি-এর একটি নতুন গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে ধনী দেশগুলোতে কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ২১ শতাংশের বেশি কমেছে। ধীরগতির শ্রম বাজার এবং কঠোর ভিসা নীতির কারণে আগমনের সংখ্যা কমে গেছে। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতিমালার পরিবর্তনের মাঝে এই পতন ঘটে।  

ওইসিডি এর ৩৮ টি উন্নত দেশের তালিকায় গত বছর স্থায়ী কর্মসংস্থানভিত্তিকভাবে প্রায় ৯৩৪,০০০ মানুষ দেশগুলোতে প্রবেশ করেছে, যা আগের বছরের তুলনায় কম। যুক্তরাজ্যে কঠোর ভিসা নীতির কারণে নেট অভিবাসন ৪০ শতাংশের বেশি কমেছে, আর অধিকাংশ ইউরোপীয় দেশে নীতি পরিবর্তন না হলেও অভিবাসনের সংখ্যা নেমেছে।  

ওইসিডি এর কর্মকর্তা জ্যঁ-ক্রিস্টফ ডুমোঁ বলেন প্রতিকুল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই ধীরগতি সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৮ শতাংশে হ্রাস করেছে, যার মধ্যে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত দুই বছরে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ অন্যান্য প্রধান অভিবাসন গন্তব্য দেশগুলোও কঠোর প্রবেশ নীতি বাস্তবায়ন করেছে, যা এই পতনের অন্যতম কারণ।