খুলনায় আট দলের সমাবেশে জনতার ঢল নেমেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগরীর শিববাড়ী মোড়ের (বাবরী চত্বর) সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, ব্যাচ প্ল্যাকার্ডসহ নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে মিছিলসহ শোডাউন করছে।
জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ইসলামপন্থী ৮ দলের সমাবেশকে ঘিরে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ।
সরেজমিন দেখা গেছে, দাঁড়িপাল্লা, হাতপাখাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে ৮ দলের নেতাকর্মীরা সকাল থেকেই নগরীর শিববাড়ী মোড়ের (বাবরী চত্বর) সমাবেশস্থলে আসছে। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। এরপর মিছিল নিয়ে যাচ্ছেন সমাবেশস্থলের দিকে। এ সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ’ স্লোগানে মুখর হয়ে উঠছে রাজপথ।
এর আগে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। সমাবেশ শুরু হওয়ার পর খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।