আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

হিমালয়ের পার্শ্ববর্তী জেলা দিনাজপুরে সোমবার (১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এবার খুব ধীরে কমছে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) উত্তরের হিমেল বায়ু জোরদার বা সক্রিয় হয়ে উঠতে পারে এবং তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবার ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।

আবহাওয়া তথ্যানুযায়ী, এবার খুব ধীরে কমছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব করছে এই জেলার মানুষ। দেখা মিলছে হালকা কুয়াশার। তবে গত বছর এই সময়ে যে তাপমাত্রা ছিল এবার তার চেয়ে তাপমাত্রা বেশি রয়েছে।

ছবি: প্রতিনিধি

খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসুল্লি আসতারুল ইসলাম বলেন, ভোরে শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। শীত আসছে তা বুঝা যাচ্ছে।

স্টেশন এলাকায় পত্রিকার হকার দুখু মিয়ার ও ফিরোজ ইসলাম বলেন, ভোর বেলা পত্রিকা আসে। আমাদেরকে ভোরে বের হতে হয়। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা একটু বেশি। ভোরে ঠান্ডা লাগলেও সাইকেল চালানোর কারণে গরম লাগছে,তাই গরম কাপড় খুলে রেখেছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোপাজ্জল হোসেন জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। কিন্তু এবার এখনও তেমন শীত নেই। তবে আগামীকাল মঙ্গল ও বুধবার উত্তরের হিমেল বায়ু জোরদার বা সক্রিয় হয়ে উঠতে পারে এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।