অনলাইনে মিথ্যা তথ্য ও বানোয়াট খবরে অপপ্রচারের অভিযোগে মামলা করতে ডিবি কার্যালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে মামলার জন্য উপস্থিত হন। এ সময় তিনি জানান, মামলা করতে আমি এখন ডিবি কার্যালয়ে আছি।
মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মামলা করার ঘোষণা দেন সাদিক কায়েম। ফেসবুক পোস্টে তিনি বলেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে মামলা করব। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।