কাল ২ ডিসেম্বর বরিশালের বেলস পার্ক ময়দানে ৮ দলের বিভাগীয় সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার বরিশালের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজনসহ আটদলের ৫ দফা দাবি তুলে ধরতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতারা জানান, অন্তত ১০ লাখ মানুষের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশা করছেন।
সমাবেশকে কেন্দ্রে রেখে স্বেচ্ছাসেবক, নিরাপত্তা, অজু-স্যানিটেশন ও পার্কিংসহ সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা বলেন, সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ৮ দলের বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতারা।